বাবার পথে অস্টিন

১৪ বছর বয়সী কোনো ক্রিকেটারের জন্য কিংবদন্তি এক টেস্ট ক্রিকেটারকে কোচ হিসেবে পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার? কেউ কেউ এমন একটা সুযোগের অপেক্ষায় থাকে ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার সময়টাতে। কারও কাছে এটা স্বপ্নই রয়ে যায়।
অস্টিনের সৌভাগ্য, কোনো চেষ্টা ছাড়াই সেই স্বপ্ন ধরা দিয়েছে তার কাছে। কোচ হিসেবে যাকে পেয়েছে সে, তিনি শুধু সাবেক টেস্ট ক্রিকেটারই নন, অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়কদের একজনও। স্টিভ ওয়াহ তাঁর নাম। ভাবছেন, অস্ট্রেলিয়ার এত এত কিশোর ক্রিকেটারকে ফেলে স্টিভ ওয়াহ কেন অস্টিনকে কোচিং করাচ্ছেন! ব্যাপারটা পরিষ্কার হবে অস্টিনের পারিবারিক পদবিটা জানলেই। পুরো নাম অস্টিন ওয়াহ। স্টিভ ওয়াহরই ছেলে সে।
ছেলে ক্রিকেটার হতে চাইছে বুঝেই তাকে সব রকম সাহায্য করার চেষ্টা করছেন স্টিভ। কিন্তু ব্যাপারটা যে তাঁর জন্য খুব একটা সহজ হচ্ছে না সেটা বোঝা যাবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের কথা শুনলেই, ‘বাকি সব ছেলের মতোই অস্টিনও তার বুড়ো বাবার কথা মোটেই গায়ে মাখে না। কোনো পরামর্শ থাকলে আমাকে তাই অন্য একজন কোচের মাধ্যমে তাকে সেটা বলতে হয়। ও সেই কোচের কথা মনোযোগ দিয়ে শোনে।’ বুঝতে পারছেন তো ছেলেকে কোচিং করানো কতটা কঠিন স্টিভ ওয়াহর জন্য!

বাবা মূলত ব্যাটসম্যান হলেও ক্যারিয়ারের শুরুর দিকে অস্টিন মিডিয়াম পেস বোলিং দিয়েই বেশি নজর কেড়েছিল। তবে এখন সে পুরোদস্তুর ব্যাটসম্যান। বছর তিনেক আগে দাতব্য কাজে অর্থ সংগ্রহের জন্য স্টিভ ওয়াহ ফাউন্ডেশন আয়োজিত একটা প্রীতি ম্যাচে ৪৮ বলে ৯১ রানের ‘বিধ্বংসী’ ইনিংস খেলে। ওয়াহ-পুত্রের ক্রিকেট-প্রতিভা তখনই নজরে আসে অনেকের। প্রতিভাটা যাতে ফুল হয়ে ফোটার আগেই শেষ না হয়ে যায় সে চেষ্টার কমতি রাখেননি বাবা স্টিভ ওয়াহ। বাবার সূত্রেই খুব অল্প বয়সে সিডনি ক্রিকেট মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছে অস্টিন। চাচা মার্ক ওয়াহ তো আছেনই, বিভিন্ন সময়ে পরামর্শ দিয়েছেন বাবা-চাচার একসময়ের সতীর্থরা, এমনকি অস্ট্রেলিয়ার এখনকার দলের অনেক খেলোয়াড়ও। সেগুলো যে বৃথা যায়নি তা বোঝা যাচ্ছে, কারণ কিছুদিন আগেই নিউ সাউথ ওয়েলসের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে অস্টিন। খেলবে আগামী জুনে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান জাতীয় স্কুলবয় চ্যাম্পিয়নশিপে। ছেলের এই সাফল্যে দারুণ রোমাঞ্চিত বাবা, ‘ও যখন চূড়ান্ত ট্রায়াল দিয়ে এল এবং এর ২৪ ঘণ্টা পর দলে ডাক পেল, সেই সময়টা আমি খুবই নার্ভাস ছিলাম। মনে হচ্ছিল যেন আমিই প্রথমবারের মতো অ্যাশেজ দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছি। আর ওর নামটাও ছিল তালিকার একেবারে শেষের দিকে, বুঝুন আমার অবস্থা।’
নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের বয়সভিত্তিক ক্রিকেট প্রকল্পটির ব্যবস্থাপক মিচেল ম্যাললেনান অনেক দিন ধরেই কাছ থেকে দেখেছেন অস্টিনকে। তাঁর চোখেও ওয়াহ-তনয়ের উন্নতিটা চোখে পড়ার মতো, ‘এমনিতে সে খুব শান্ত ছেলে। বাবার পদবির কারণেই সে মাঝে মাঝে ভালো করার অতিরিক্ত একটা চাপ নিয়ে নেয় নিজের ওপরে। তবে সে খুব ভালো ব্যাটসম্যান, ফিল্ডিং করে দারুণ আর খেলাটাকে বেশ ভালো বোঝেও।’
এভাবে এগোতে থাকলে অস্ট্রেলিয়ান ক্রিকেটে আরও একজন ‘ওয়াহ’ তো আসতেই পারে! সিডনি মর্নিং হেরাল্ড।